ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে দেশব্যাপী ৩১ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। এ কর্মসূচি থেকে নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যারও বিচার দাবি করেছে সংগঠনটি। নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া হয়ে শহীদ মিনারে অবস্থান নেন।
কর্মসূচিতে হাদি ও শাকিল হত্যা মামলায় বিচার এবং সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে স্লোগান দেওয়া হয়। উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সার্চ কমিটির আহ্বায়ক জি এ সাব্বিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। শহীদ মিনারে গজল, ইসলামি সংগীত ও বিপ্লবী গান পরিবেশনের মাধ্যমে শহীদ ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সংগঠনটির তিন দফা দাবির মধ্যে রয়েছে ওসমান হাদি হত্যার বিচার, জুলাই গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন এবং পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার বিচার। ৭ অক্টোবর বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া মার্চটি ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মাধ্যমে শেষ হওয়ার কথা। সংগঠনটি ১২ থেকে ১৮ ডিসেম্বর ঢাকায় সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হাদি ও শাকিল ইসলাম হত্যার বিচারের দাবি ইনকিলাব মঞ্চের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।