ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং ধসে বাংলাদেশের প্রথম ইনিংস ২৭২ রানে শেষ হয়েছে। ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ মাত্র ৫৯ রান যোগ করতেই শেষ সাত উইকেট হারায়। বৃহস্পতিবার দিনের দ্বিতীয় বলে দুই রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ওপেনার সাদমান ইসলাম। আগের দিন ১০ রানে অপরাজিত থাকা লিটন দাস ৩৪ রানে অপরাজিত থাকেন।
২২০ বলে সেঞ্চুরি পূর্ণ করা সাদমানের ৩১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি তৃতীয় শতক। ১৭ ইনিংস আগে, ২০২৫ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে তাঁর আগের সেঞ্চুরি এসেছিল। তবে শতকের পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। অভিষিক্ত বিশপের বলে এলবিডব্লিউ হয়ে ১১ চারসহ ১০৫ রানে ফেরেন। আগের দিন ৪২ রানে রিটায়ার্ড হার্ট হওয়া তাওহীদ হৃদয় ফিরে এসে আর রান যোগ করতে পারেননি; বিশপের বলেই বোল্ড হন তিনি।
ষষ্ঠ উইকেটে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস ৩২ রানের জুটি গড়েন। জোমেল ওয়ারিক্যানের আর্ম বলে বোল্ড হয়ে ফেরেন মিরাজ। এরপর ১৯ রানের মধ্যে শেষ চার উইকেট হারায় বাংলাদেশ; তাইজুল ইসলাম, নাঈম হাসান ও হাসান মাহমুদ কেউই স্থায়ী হতে পারেননি। আগের দিন দুই উইকেট নেওয়া ওয়ারিক্যান এদিন শেষ তিন উইকেট নিয়ে ২৫ ম্যাচের ক্যারিয়ারে তৃতীয়বার পাঁচ উইকেট নেন।
সাদমানের সেঞ্চুরি সত্ত্বেও ঢাকা টেস্টে ২৭২ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।