দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে উদ্যোগটি বাস্তবায়ন করা হবে।
আমিনুল হক বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্ল্যান্ট কার্যকর সমাধান হতে পারে। প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় প্ল্যান্ট স্থাপনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে পরিবারগুলো নিজেদের জ্বালানির চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদিত গ্যাস বাণিজ্যিকভাবে বিক্রি করে আয় করতে পারবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। উদ্যোগটি সফল করতে যুবকদের ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ করা হবে এবং প্রয়োজনে ঋণের পরিমাণ বাড়ানো হবে।
সভায় মাঠপর্যায়ের কার্যক্রম গতিশীল করা এবং কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে চার বছরের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ নিয়ে আলোচনা হয়। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতি মাসে অগ্রগতি প্রতিবেদন নেওয়া হবে এবং কর্মদক্ষতার ভিত্তিতে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে। দ্রুত যুব কাউন্সিল গঠন ও প্রতি চার মাসে মতবিনিময় সভা আয়োজনের কথাও জানান প্রতিমন্ত্রী। বেকার যুবকদের প্রশিক্ষণে অন্তর্ভুক্তি এবং প্রশিক্ষণ মডিউলে নতুন ট্রেড যুক্ত করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।
জ্বালানি চাহিদা ও যুব উদ্যোক্তা সহায়তায় প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লীর ঘোষণা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।