লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননে নিজেদের সামরিক অবস্থানগুলোর মধ্যে যোগাযোগ স্থাপনে পাহাড় ও উপত্যকার মধ্য দিয়ে নতুন সড়ক নির্মাণ করছে ইসরাইলি সেনাবাহিনী। দক্ষিণের পশ্চিম ও মধ্যাঞ্চলে এ কাজ চলছে, যেখানে লেবাননের দখল করা ভূখণ্ডে ইসরাইলি বাহিনী সামরিক অবস্থান গড়ে তুলেছে। সড়ক নির্মাণের পাশাপাশি বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোও ধ্বংস করা হচ্ছে।
মধ্যাঞ্চলে আইতা আল-শাব, মারুন আল-রাস, বিনত জবেইল ও আইতারুন শহর এলাকায় সড়ক নির্মাণ চলছে। মারুন আল-রাস সীমান্তের ওপারে থাকা ইসরাইলি বসতি আভিভিমের দিকে মুখ করে রয়েছে। পশ্চিমাঞ্চলে নাকুরা, ইয়ারিন, ধাইরা, মারওয়াহিন ও আলমা আল-শাবেও নতুন সড়ক নির্মাণ হচ্ছে। এসব এলাকায় লেবাননের সেনাবাহিনীর পাশাপাশি জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিল মোতায়েন রয়েছে।
২০ ও ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের উদ্যোগে ফ্লোরিডার টাম্পায় লেবানন ও ইসরাইলের সামরিক ও কারিগরি পর্যায়ের আলোচনার পর এ তৎপরতা সামনে আসে। বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি বা যৌথ বিবৃতি হয়নি, তবে আলোচনা চালিয়ে যেতে দুই পক্ষ সম্মত হয়েছে। ইসরাইলি সেনা প্রত্যাহার ও হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিয়ে মতবিরোধ রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২ মার্চ থেকে ইসরাইলি হামলায় অন্তত ৪ হাজার ৩৮৬ জন নিহত, ১২ হাজার ৪০৭ জন আহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।