শ্রীলঙ্কার উপকূলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে বন্দিদের দুই দলের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন। সোমবার পুলিশ ও হাসপাতাল সূত্রে জানানো হয়, রোববার দণ্ডপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। নেগোম্বো শহরটি বাণিজ্যিক রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে অবস্থিত।
পুলিশ জানিয়েছে, কারাগারের ভেতরে তল্লাশি অভিযান চলছে এবং নিহত ও আহতদের পূর্ণাঙ্গ হিসাব নিশ্চিত করতে কর্মকর্তারা কাজ করছেন। সেনাবাহিনীর মুখপাত্র ওয়ারুনা গামাগ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা দিতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, তবে এখন পর্যন্ত তারা স্ট্যান্ডবাই অবস্থায় রয়েছে।
স্থানীয় টেলিভিশন দেরানা টিভির সম্প্রচারে দেখা গেছে, কারাগারের বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং আহত বন্দিদের বহনকারী একটি পুলিশ বাস কারাগার থেকে বেরিয়ে যাচ্ছে। সংঘর্ষের কারণ ও আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।