সড়কে নিরাপত্তা বাড়ানো এবং দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ৬৮ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বিশ্বব্যাংক অর্থায়িত বাংলাদেশ রোড সেফটি প্রজেক্টের আওতায় ৬০ হাজার চালক প্রশিক্ষণ পাবেন। তাঁদের মধ্যে ৪০ হাজার নতুন তরুণকে পেশাদার চালক হিসেবে গড়ে তোলা হবে এবং ২০ হাজার কর্মরত চালক রিফ্রেশার প্রশিক্ষণ পাবেন।
প্রশিক্ষণ ২০২৬ সালের মে থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত বিআরটিসির চারটি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ২৩টি কেন্দ্রে চলবে। গাজীপুর, ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, খুলনা ও রংপুরসহ বিভিন্ন জেলায় এসব কেন্দ্র রয়েছে। বিআরটিসির মহাব্যবস্থাপক ফাতেমা বেগম বলেন, এই উদ্যোগ দক্ষ চালক তৈরি ও সারা দেশে সড়ক নিরাপত্তা উন্নয়নে ভূমিকা রাখবে।
এডিবি অর্থায়িত স্কিলস ফর ইন্ডাস্ট্রি ইনোভেশন কর্মসূচিতে আরও ৮ হাজার নতুন চালক প্রশিক্ষণ পাবেন। ৩৬০ ঘণ্টার প্রশিক্ষণে আত্মরক্ষামূলক ড্রাইভিং, গাড়ি রক্ষণাবেক্ষণ, যান্ত্রিক ত্রুটি শনাক্তকরণ ও ভাষাগত যোগাযোগ দক্ষতা অন্তর্ভুক্ত থাকবে। বিশ্বব্যাংক প্রকল্পে প্রথম ধাপে ৬ হাজার ৪০০ নতুন চালকের প্রশিক্ষণ শেষ হয়েছে এবং দ্বিতীয় ধাপে প্রায় ৬ হাজার ৬০০ জনের প্রশিক্ষণ চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।