জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষার রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে সাম্প্রতিক হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। শনিবার মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, হামলাকারীদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট হলেও তাদের আড়াল করতে ‘মব’ শব্দের ব্যবহার হচ্ছে এবং এভাবে সরকার দায় এড়াতে পারবে না।
তিনি গত দুই বছরে বিভিন্ন মাজারে হামলার সুষ্ঠু তদন্তে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের আহ্বান জানান। সারোয়ার তুষারের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল আক্রান্তদের সঙ্গে কথা বলেন এবং শাহ আলী থানার কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এর আগে এনসিপি ঢাকা মহানগর উত্তর এক বিবৃতিতে ১৪ মে শাহ আলী মাজার এলাকায় সংঘটিত সহিংসতার নিন্দা জানিয়ে এটিকে সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তার জন্য অশনিসংকেত বলে উল্লেখ করে। বিবৃতিতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সরকার ও জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।