রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নবনির্মিত ছাত্রহল-১ এর কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এনএইচ এন্টারপ্রাইজ ও এর স্বত্বাধিকারী নিজামুল হকের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ, অব্যবস্থাপনা এবং বরাদ্দ অর্থ অন্য প্রকল্পে স্থানান্তরের অভিযোগ উঠেছে। একাধিকবার সময়সীমা নির্ধারণ ও লিখিত আশ্বাস দেওয়া হলেও কাজের অগ্রগতি না হওয়ায় প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।
রুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল জানিয়েছেন, প্রশাসন প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ তদারকি ও সহযোগিতা অব্যাহত রেখেছে। তবে সরেজমিনে দেখা গেছে, দরজা স্থাপন, সাবস্টেশন, পানি সরবরাহ, ওয়াইফাই সংযোগ ও লিফট স্থাপনসহ গুরুত্বপূর্ণ কাজ এখনো অসম্পূর্ণ, ফলে শিক্ষার্থীরা ভোগান্তিতে রয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, সীমিত জনবল ও দুর্বল সমন্বয়ের কারণে কাজের গতি অত্যন্ত ধীর। তারা দ্রুত সব অসমাপ্ত কাজ শেষ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। প্রশাসন আশা করছে, কার্যকর তদারকি ও সম্পদের সঠিক ব্যবহারে ছাত্রহল-১ শিগগিরই পূর্ণাঙ্গ আবাসিক সুবিধা প্রদান করতে পারবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।