Web Analytics

জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। রোববার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এ প্রস্তাব উত্থাপন করলে কমিটির সব সদস্য তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকটির সভাপতিত্ব করেন কার্যউপদেষ্টা কমিটির সভাপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অংশ নেন। এছাড়া ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় সংসদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতিও জানতে চান প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুতের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। অধিবেশন চলাকালে প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা মেটানো যাবে এবং অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সংসদ চত্বরে উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণে এনার্জি স্টোরেজ সুবিধা রাখার সুনির্দিষ্ট নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।