Web Analytics

লিবিয়ায় আটক ও দুর্দশাগ্রস্ত অবস্থায় থাকা ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৮টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা দেশে পৌঁছান।

প্রত্যাবাসিতদের মধ্যে লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ৩০ জন এবং বেনগাজী ও আশপাশের এলাকায় বসবাসরত ১৪৫ জন অসহায়, দুস্থ ও অসুস্থ ব্যক্তি ছিলেন। তারা সবাই স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক অনিয়মিত অভিবাসী ছিলেন। জানা যায়, তাদের অনেকেই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টা করতে গিয়ে লিবিয়ায় প্রবেশ করেন এবং কেউ কেউ অপহরণ ও নির্যাতনের শিকার হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান। আইওএম প্রত্যেককে পথখরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে। লিবিয়ায় আটক অন্যান্য বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।