ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আংশিক ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারে উদ্ধারকর্মীরা সোমবার অভিযান চালাচ্ছেন। সোমবার রাতে রাজধানী কিয়েভ থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে ডাইমার এলাকায় পাঁচতলা একটি ভবনে হামলা হয়। কিয়েভ অঞ্চলের কর্মকর্তা তিমুর তকাচেঙ্কো জানান, ওই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
তকাচেঙ্কো টেলিগ্রামে জানান, উদ্ধারকর্মীরা আরও এক নারীর মরদেহ উদ্ধারের পর ডাইমার হামলায় নিহতের সংখ্যা ১০ জনে পৌঁছেছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ আগে জানায়, নিহতদের মধ্যে একজন কিশোর এবং চল্লিশোর্ধ্ব এক নারী রয়েছেন। ধ্বংসস্তূপ থেকে ৭৯ বছর বয়সী এক নারী, এক শিশুসহ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানায়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১১ জনের সন্ধান চলছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ইউক্রেনের মানবাধিকারবিষয়ক ন্যায়পাল দিমিত্রো লুবিনেৎস হামলাটিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ‘গণহত্যামূলক যুদ্ধের’ অংশ বলে অভিহিত করেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।