ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল শেখ হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মাদ বদিউজ্জামান এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁন সরদার, তারা সরদার ও বাবুল আকন্দ। রায় ঘোষণার সময় বাবুল আদালতে উপস্থিত ছিলেন এবং পরে পুলিশ পাহারায় তাঁকে কারাগারে নেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৫ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনে ফয়সালকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ফয়সাল ছিলেন ফরিদপুর শহরের মধ্য আলীপুর এলাকার মৃত আকু শেখের ছেলে।
ঘটনার পরদিন নিহতের মা ফিরোজা বেগম চাঁন সরদার, তারা সরদারসহ চারজনের নাম উল্লেখ করে ফরিদপুর কোতয়ালী থানায় হত্যা মামলা করেন। সিআইডির পুলিশ পরিদর্শক মো. শাহজাহান মিয়া ২০১৩ সালের ৩১ জুলাই অভিযোগপত্র দেন। এজাহারভুক্ত আসামি শাহিন সরদার শুনানিকালে মারা যান। পিপি চৌধুরী জাহিদ হাসান বলেন, সাক্ষ্যগ্রহণে হত্যাকাণ্ড সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। পলাতক চাঁন ও তারা সরদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।