ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, কার্যকর ব্যাংকিং ব্যবস্থা, আন্তর্জাতিক পেমেন্ট মেকানিজম, ট্রেড ফাইন্যান্স ও এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টির অভাবে আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। বৃহস্পতিবার ঘানার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক কোয়াসি আবিরি-ডানসো এবং লাগোস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী লেয়ে কুপোলেইয়ের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ কথা বলেন।
তাসকীন আহমেদ বলেন, বাংলাদেশ ও ঘানার বাণিজ্য সম্প্রসারণে বেসরকারি খাতের যোগাযোগ, প্রযুক্তিগত সহায়তা এবং সরকারি নীতি-সহায়তা জরুরি। তিনি ঘানাকে ফিনটেক, বিপিও, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল ইনোভেশন ও অন্যান্য তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবায় বাংলাদেশি উদ্যোক্তাদের সহায়তা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আফ্রিকার উদ্যোক্তাদের বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক, অটোমোটিভ এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য আমদানির আহ্বান জানান।
ঘানার হাইকমিশনার স্বর্ণ, বিরল মৃত্তিকা খনিজ ও তেল আমদানির সম্ভাবনা যাচাইয়ের প্রস্তাব দেন। তিনি বলেন, কার্যকর ব্যাংকিং ও উপযুক্ত আন্তর্জাতিক অর্থ পরিশোধ ব্যবস্থা নিশ্চিত হলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী হবে। নাইজেরিয়ার প্রতিনিধি বাংলাদেশি ওষুধ, পোশাক, পাটজাত পণ্য, ফিনটেক ও আইসিটি সেবায় আগ্রহের কথা জানান এবং নাইজেরিয়া থেকে অপরিশোধিত তেল, এলএনজি, ইউরিয়া, কোকো ও কাজুবাদাম আমদানির আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।