বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশের কৃষি সেচব্যবস্থাকে সম্পূর্ণ সৌরশক্তিনির্ভর করতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ডিজেল ও বিদ্যুৎচালিত সব সেচ পাম্পকে সৌরশক্তিতে রূপান্তরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনকে (বিএডিসি) এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। জুলাই ২০২৫ থেকে জুন ২০৩০ পর্যন্ত পাঁচ বছর মেয়াদি প্রকল্পে ৫০ হাজার ৯০০টি সৌরচালিত সেচযন্ত্র স্থাপনের প্রস্তাব করা হয়েছে, যার ব্যয় প্রায় ৬ হাজার ৯৯৬ কোটি টাকা।
মাঠপর্যায়ের কৃষকরা উদ্যোগটিকে স্বাগত জানালেও কিছু বাস্তব জটিলতার কথা উল্লেখ করেছেন। অনেকেই বলেছেন, অতীতে স্থাপিত সৌর পাম্পগুলো মেঘলা দিনে বা রাতে পর্যাপ্ত পানি সরবরাহ করতে পারেনি, ফলে গভীর নলকূপের ওপর নির্ভর করতে হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, সৌরশক্তি ব্যবহারে কৃষকের দীর্ঘমেয়াদি খরচ কমবে, ডিজেল আমদানি হ্রাস পাবে এবং কার্বন নিঃসরণ কমে আসবে।
প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে বছরে শত কোটি টাকার ডিজেল সাশ্রয় হবে এবং নেট মিটারিংয়ের মাধ্যমে প্রায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা দেশের জ্বালানি সংকট কমাতে সহায়ক হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।