প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না। শনিবার সন্ধ্যায় ঢাকা ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করেন।
বক্তব্যে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দেশের সার্বভৌমত্ব নষ্টের বিভিন্ন অপচেষ্টার কথা বলেন। তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা প্রতিহত করার কথা উল্লেখ করেন এবং ২০০৯ সালের পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সেনা হত্যাযজ্ঞের অভিযোগ তোলেন। শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাকে তিনি দুটি প্রধান কর্তব্য হিসেবে তুলে ধরেন।
স্থলভাগের পাশাপাশি আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব নিশ্চিত করতে সরকার নতুন ‘প্ল্যানিং গাইডেন্স’ প্রণয়ন করেছে বলে জানান তিনি। সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ও মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনে কাজ চলার কথাও বলেন। ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড’ গঠন এবং ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন’সহ কল্যাণমূলক পদক্ষেপ ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেন তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।