যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, কৃত্রিমভাবে পাসের হার বাড়ানোর পরিবর্তে শিক্ষার্থীদের প্রকৃত মেধা, যোগ্যতা ও অর্জনের ভিত্তিতে মূল্যায়ন করবে সরকার। শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে গার্লস আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে মিরপুর সায়েন্স কলেজের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজাতে চায়, যাতে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থাকে। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডকে শিক্ষার সঙ্গে যুক্ত করে তাদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতীয় শিক্ষাক্রমে ইতোমধ্যে খেলাধুলা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খেলাধুলার বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।
বিগত সরকারের সময়ে প্রকৃত মেধা ও যোগ্যতার বদলে পাসের হার বাড়ানোর প্রবণতা ছিল বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি মিরপুর সায়েন্স কলেজের সুনামের প্রশংসা করলেও শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হওয়ার লক্ষ্যও রাখার আহ্বান জানান। তরুণদের সামাজিক অবক্ষয় ও বিপথগামিতা থেকে রক্ষায় শিক্ষক, অভিভাবক ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের কথাও বলেন তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।