বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জাতীয় সংসদে জানিয়েছেন, কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ চলছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য দেন। মন্ত্রী জানান, আন্তর্জাতিক নিয়ম-নীতি ও উপযুক্ততা যাচাই শেষে বিমানবন্দরটি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) সনদপত্র পেয়েছে।
তিনি বলেন, বড় আকারের উড়োজাহাজ অবতরণ ও উড্ডয়নের সুবিধার্থে রানওয়ে সমুদ্রের দিকে ৯ হাজার ফুট থেকে ১০ হাজার ৭০০ ফুটে সম্প্রসারিত করা হয়েছে এবং ১৭ হাজার ৯৫৫ বর্গমিটার আয়তনের নতুন আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। সব অপারেশনাল সুবিধার টেস্টিং ও কমিশনিং কার্যক্রম চলছে। আফরোজা খানম জানান, বিমানবন্দরটি আধুনিক আন্তর্জাতিক মানে চালু করতে আরও কয়েক মাস সময় লাগবে।
মন্ত্রী আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে লাভজনক প্রতিষ্ঠান হলেও উড়োজাহাজ স্বল্পতা রয়েছে। নতুন উড়োজাহাজ সংযোজন ও ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটির আয় ও সেবার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।