ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ‘সুনির্দিষ্ট’ হামলা চালানোর দাবি করেছে। গোষ্ঠীটি আরও জানিয়েছে, সৌদি আরবের পূর্ব ও পশ্চিমাঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। তবে বিমানবন্দরে হামলার এ দাবি সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।
হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বলেন, তাদের বাহিনী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর কয়েক ঘণ্টা আগে সৌদি আরব জানিয়েছিল, রিয়াদের দিকে ধেয়ে আসা হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। সৌদির ওই ঘোষণার পর হুথিরা বিমানবন্দরে হামলার দাবি জানায়।
ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা রাজধানী সানার দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালিয়েছে। হুথিদের দাবি, গত ২৪ ঘণ্টায় জোট ইয়েমেনের বিভিন্ন প্রদেশে অন্তত ৫৬টি বিমান হামলা চালিয়েছে। আগের দিনও তারা কিং খালিদ বিমানবন্দর, খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটি এবং জিজানের একটি নৌঘাঁটিতে হামলার দাবি করেছিল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।