মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা আরও কঠোর ও জোরালোভাবে চলবে এবং ওয়াশিংটনের লক্ষ্য এই যুদ্ধে জয়লাভ করা। স্থানীয় সময় শুক্রবার মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।
ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে আছে এবং সংযত থাকার চেষ্টা করছে, তবে ইরান মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছে। তিনি ইরান সামরিকভাবে শক্ত অবস্থানে আছে—এ দাবি নাকচ করেন এবং তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো কঠিন বলে মন্তব্য করেন। ভিয়েতনাম ও আফগানিস্তানের দীর্ঘ সংঘাতের সঙ্গে তুলনা করে তিনি দাবি করেন, পাঁচ মাসের অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করেছে।
ইরানের সঙ্গে পরোক্ষ ও প্রত্যক্ষ আলোচনায় আস্থা কমছে বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, বিশেষ দূত স্টিভ উইটকফের ফোনকলের অপেক্ষার সময় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তাকে জানান, ইরান জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার জবাবে যুক্তরাষ্ট্র অভিযান চালাচ্ছে; তেহরানও জর্ডান ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলার কথা জানিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।