চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে বাংলাদেশের অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানি আয় ৯ দশমিক ৩০ শতাংশ বেড়ে ২৩৭ কোটি ১৬ লাখ ডলারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ২১৬ কোটি ৯৮ লাখ ডলার। এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ২০ কোটি ১৮ লাখ ডলার। এ অতিরিক্ত আয়ের অর্ধেকের বেশি এসেছে তুরস্ক থেকে, যেখানে পোশাক রপ্তানি দ্বিগুণেরও বেশি বেড়েছে।
তুরস্কে রপ্তানি ১০৭ দশমিক ০৫ শতাংশ বেড়ে ২০ কোটি ৬৫ লাখ ডলারে পৌঁছেছে, যা মোট বাড়তি আয়ের প্রায় ৫৩ শতাংশ। অপ্রচলিত বাজারে সবচেয়ে বড় গন্তব্য জাপানে রপ্তানি ২ দশমিক ৪০ শতাংশ বেড়ে ৪৩ কোটি ৭৩ লাখ ডলার হয়েছে। অস্ট্রেলিয়ায় ৩ দশমিক ০১ শতাংশ বেড়ে আয় দাঁড়িয়েছে ২৬ কোটি ৪০ লাখ ডলার এবং দক্ষিণ কোরিয়ায় ৫ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১৫ কোটি ১৩ লাখ ডলার হয়েছে। তবে ভারতে রপ্তানি ৫ দশমিক ৩৮ শতাংশ কমে ২৫ কোটি ৯ লাখ ডলারে নেমেছে।
শীর্ষ পাঁচ গন্তব্যের বাইরের দেশগুলো থেকে আয় হয়েছে ১০৬ কোটি ১৬ লাখ ডলার, যা ৮ দশমিক ৪৮ শতাংশ বেশি। মোট পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারের অংশ ১৭ দশমিক ২৫ শতাংশে উঠলেও ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে গেছে ৬৭ দশমিক ৫ শতাংশ। অক্টোবরে এসব বাজারে রপ্তানি ৮ দশমিক ৯৯ শতাংশ বেড়ে ৫৫ কোটি ৯৭ লাখ ডলার হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।