স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি সরকারের ছয় মাসে সংঘটিত সব অপরাধের অপরাধীকে বিচারের আওতায় আনা হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, রংপুরে চার হত্যার ঘটনায় আসামিদের যৌক্তিক সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণের প্রত্যাশা, আইনের শাসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি—সব বিষয় একসঙ্গে বিবেচনায় নিতে হয়েছে।
তিনি বলেন, সরকার উত্তরাধিকারসূত্রে যে শৃঙ্খলা বাহিনী পেয়েছে, তা একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ছিল। বাহিনীগুলোর আধুনিকায়ন, সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের সেবক হিসেবে কাজ করতে উৎসাহিত করার কাজ একসঙ্গে চলছে বলে তিনি জানান। দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বলেও দাবি করেন তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।