বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নির্বাহী কমিটির সভাপতি পদে আমজাদ হোসেন চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এর ফলে আগামী ৩ জুন অনুষ্ঠেয় নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো আইনি বাধা নেই। সোমবার বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও আসিফ হাসানের বেঞ্চ এ রায় দেন।
শুনানি শেষে সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব জানান, আদালত নির্বাচন বোর্ড ও সংশ্লিষ্ট বিবাদীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। আদালত নির্দেশ দিয়েছেন, আমজাদ হোসেন চৌধুরীর মনোনয়নপত্র অবিলম্বে গ্রহণ করতে এবং তাকে ব্যালট পেপারে অন্তর্ভুক্ত করে সমান প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিতে।
আইনজীবীরা বলেন, মনোনয়নপত্র নিয়ে যে অনিয়মের মাধ্যমে একটি পক্ষকে সুবিধা দেওয়ার চেষ্টা হয়েছিল, আদালতের আদেশে তা বাতিল হয়েছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এখন নির্বাচনে অংশ নিতে তার কোনো আইনি বাধা নেই।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।