নারীর প্রতি সহিংসতা ও নারীবিদ্বেষের বিরুদ্ধে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে শনিবার শত শত পুরুষ মিছিল করেছেন। পার্লামেন্ট ভবনের বাইরে ‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পুরুষ’ শীর্ষক এ বিক্ষোভ হয়। অংশগ্রহণকারীরা বলেন, সহিংসতা বন্ধে পুরুষদের আরও কার্যকর ভূমিকা নিতে হবে এবং শুধু প্রতিবাদ নয়, সমাধানের অংশ হতে সামনে এগিয়ে আসতে হবে।
কিশোর ও তরুণদের মধ্যে অনলাইনে নারীবিদ্বেষী মনোভাব ছড়িয়ে পড়া নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের প্রেক্ষাপটে কর্মসূচিটি আয়োজন করা হয়। আয়োজকদের মতে, নারীবিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের আরও শক্ত অবস্থান জরুরি। সহ-আয়োজক ও সমাজকর্মী ক্রিস্টফ গোস্তেলি বলেন, নারী ও কুইয়ার জনগোষ্ঠীর প্রতি সহিংসতার সমস্যায় পুরুষেরাও অংশ এবং তাঁদের সমাধানের অংশ হওয়ার অবস্থান নিতে হবে। তিনি ‘মেনার’ সংগঠনের সঙ্গে কর্মসূচিটি আয়োজন করেন।
জুরিখ বিশ্ববিদ্যালয় ও মেনকেয়ারের জুনের এক জরিপে ১৮ থেকে ২৪ বছর বয়সি পুরুষ উত্তরদাতাদের অর্ধেকের মধ্যে পুরুষত্ব নিয়ে সংকীর্ণ ও আধিপত্যভিত্তিক ধারণা পাওয়া যায়। গবেষকেরা স্কুল থেকে এ বিষয়ে ধারাবাহিক আলোচনা শুরুর সুপারিশ করেন। বিচারমন্ত্রী বিট ইয়ান্স বলেন, সুইজারল্যান্ডে সহিংস অপরাধের পাঁচ ভাগের চার ভাগ এবং ধর্ষণের ৯৯ শতাংশ ঘটনায় অপরাধী পুরুষ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।