গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) রিসার্চ প্রজেক্ট অ্যাওয়ার্ডিং প্রোগ্রামে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৫টি গবেষণা প্রকল্পে আর্থিক বরাদ্দ ঘোষণা করা হয়েছে। রোববার শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ‘অ্যানুয়াল রিসার্চ হাইলাইটস’ শীর্ষক বইয়েরও মোড়ক উন্মোচন করা হয়।
বইটিতে ২০২৫-২০২৬ অর্থবছরে সম্পন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পগুলোর সারসংক্ষেপ এবং শিক্ষকদের প্রকাশিত গবেষণা প্রবন্ধের তালিকা সংকলিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন।
উপাচার্য গবেষণা, উদ্ভাবন ও বাস্তব সমস্যার সমাধানকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি মঞ্জুরকৃত প্রকল্পের যথাযথ বাস্তবায়ন, বরাদ্দের সুষ্ঠু ব্যবহার এবং মানসম্মত ফল অর্জনের কথা বলেন। উপ-উপাচার্য গবেষণালব্ধ জ্ঞান ও উদ্ভাবনের বাস্তব প্রয়োগের ওপর জোর দেন। পরিচালক আনওয়ারুল আবেদীন প্রকল্প পরিচালকদের জন্য গবেষণা প্রকল্পের গাইডলাইন বিষয়ে উপস্থাপনা দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।