রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে ছাত্রলীগের দুই নেতার বৈঠকের খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার শিক্ষার্থী ও চিকিৎসকেরা পরিচালকের কার্যালয় ঘেরাও করেছেন। কার্যালয়ের ভেতরে ওই দুই নেতা ও হাসপাতাল পরিচালক অবস্থান করছেন বলে নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অবস্থান নিয়েছে।
অবরুদ্ধ ব্যক্তিরা হলেন রামেক শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি ডা. শুভ সরকার এবং সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা। হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রামেক শাখার এই দুই শীর্ষ নেতা হাসপাতাল পরিচালকের কার্যালয়ে বৈঠক করছেন—এমন খবর জানাজানি হলে শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে শিক্ষার্থী ও চিকিৎসকেরা পরিচালকের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং কার্যালয় ঘেরাও করেন। তাদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ ছাত্রলীগকে মদত দিচ্ছে। সূত্রে বলা হয়েছে, দুই নেতা বর্তমানে কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ আছেন এবং হাসপাতাল পরিচালকও সেখানে উপস্থিত রয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।