মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগকে দলীয় সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পরে বলা হয়েছে প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন। মঙ্গলবার চট্টগ্রাম সফরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাদকবিরোধী অভিযানে ইশরাকের অস্ত্র হাতে নেওয়ার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, মাদক সমাজদেহকে শেষ করে দিচ্ছে এবং ইশরাকের যা করা দরকার ছিল, তিনি তা করেছেন। সেখানে পুলিশ ও ফোর্স ছিল বলেও তিনি উল্লেখ করেন। তবে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো বলে মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, ইশরাকের কাজকে নেতিবাচক বলার সুযোগ নেই। তবে একজন জনপ্রতিনিধি বা প্রতিমন্ত্রী প্রকাশ্যে অস্ত্র বহন করলে বা কাউকে অস্ত্র দিয়ে লক্ষ্য করলে, উদ্দেশ্য ভালো হলেও অন্যরা খারাপ উদ্দেশ্যে সেটিকে দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করতে পারে। নাগরিক আচরণের দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনার কথা বলেন তিনি। মাদক নিয়ন্ত্রণ আইন পাস হলেও জামায়াত শুধু নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল চায় বলেও জানান তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।