ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে যাওয়া কিশোরীর পরিচয় ১৫ বছর বয়সী গৃহকর্মী মিম আক্তার হিসেবে শনাক্ত করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে শাহবাগ থানা পুলিশ এ বি এম আব্দুর রাজ্জাক, মো. ফয়সাল আহমেদ ও রাহেমা খাতুন রেশমাকে গ্রেপ্তার করে। পুলিশ বলছে, গ্রেপ্তার এড়াতে তারা সিদ্ধিরগঞ্জের বাসা ছেড়ে পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র আত্মগোপন করেছিলেন।
মিমের পরিবারের অভিযোগ, প্রায় এক বছর নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীর বাসায় কাজ করার সময় তাকে নিয়মিত মারধর ও নির্যাতন করা হতো। মিমের মা জানান, ১১ আগস্ট রাতে আবার মারধরের খবর পেয়ে পরদিন তাকে আনতে যান তিনি। তবে বাসায় গিয়ে জানেন, মিম চুরি করে পালিয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে ঢামেকের জরুরি বিভাগের সামনে তার লাশ পাওয়ার খবর আসে।
পুলিশের সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে ১২ আগস্ট বেলা ১১টা থেকে ১২টার মধ্যে দুই ব্যক্তিকে সিএনজি অটোরিকশায় মিমকে হাসপাতালে আনতে দেখা যায়। ময়নাতদন্তে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সম্ভাব্য যৌন নির্যাতনের বিষয়টি যাচাইয়ে ডিএনএসহ আলামত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও গ্রেপ্তারদের ভূমিকা তদন্তাধীন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।