২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা মুসলমানদের ওপর সামরিক অভিযানে হাজারো মানুষ নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের বিরুদ্ধে একাধিক সিদ্ধান্ত দিয়েছে। ১৫ বিচারপতির প্যানেল ৯-৬ ভোটে রায় দিয়েছে যে, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। একই ব্যবধানে আদালত বলেছে, নিরাপত্তা বাহিনীর সদস্য ও অন্য ব্যক্তিদের মাধ্যমে গণহত্যা প্রতিরোধে দেশটি ব্যর্থ হয়েছে।
আদালত ১৪-১ ভোটে বলেছে, মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে সরাসরি ও প্রকাশ্যে গণহত্যায় উসকানি দেয়নি। তবে ১১-৪ ভোটে সিদ্ধান্ত হয়েছে, গণহত্যা এবং গণহত্যা সনদের ৩ নম্বর অনুচ্ছেদে বর্ণিত অন্যান্য অপরাধের বিচার ও শাস্তি দিতে মিয়ানমার ব্যর্থ হয়েছে। ১৪-১ ভোটে আদালত আরও বলেছে, সনদের বিধান কার্যকরে প্রয়োজনীয় আইন প্রণয়নেও দেশটি ব্যর্থ হয়েছে।
আইসিজে মিয়ানমারকে চলমান দায়িত্ব লঙ্ঘন বন্ধে আইন করতে, যুক্তিসংগত সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর তদন্ত চালাতে এবং পুনরাবৃত্তি ঠেকাতে ব্যবস্থা নিতে বলেছে। ১০-৫ ভোটে রায়ে পুনরুদ্ধারমূলক ব্যবস্থা ও রোহিঙ্গাদের ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকারের পরিমাণ এবং পদ্ধতি আইসিজে নির্ধারণ করবে। আদালত ১১-৪ ভোটে আলামত ধ্বংস ঠেকানো ও সংরক্ষণের দায়িত্ব পালনে ব্যর্থতার কথাও বলেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।