বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ ও পতিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলা করবে বিএনপি। শনিবার বিকেলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় পতিত স্বৈরাচারের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সপু হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং তারা এ দেশের মাটিতে আশ্রয়-প্রশ্রয় পাবে না। মানুষের শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অপশক্তি ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বলেও তিনি জানান।
তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের ফলেই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এ ধারা বজায় রাখতে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কোলাপাড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এবং মো. রাজিব খান ও মো. সোহেল হামিদের ব্যবস্থাপনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়; এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।