জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, মুখে জুলাই অভ্যুত্থানের কথা বললেও বিএনপির অন্তরে আওয়ামী লীগ রয়েছে। মঙ্গলবার বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই গণহত্যার বিচার: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, বিএনপিতে বর্তমানে দুটি ধারা দেখা যায়। এক ধারা দীর্ঘ দেড়-দুই দশক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই করেছে এবং জেল-জুলুম ও মামলার শিকার হয়েছে। অন্য ধারাটি ৫ আগস্টের পটপরিবর্তনের পর নতুন করে বিএনপি সেজেছে বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, এই সুযোগসন্ধানী অংশ আওয়ামী লীগের প্রভাবশালীদের সঙ্গে যোগসাজশে জুলাই অভ্যুত্থানের মামলা নিয়ে সারা দেশে ‘মামলা বাণিজ্য’ করছে।
তিনি অভিযোগ করেন, ভুক্তভোগী পরিবারকে অন্ধকারে রেখে ২০০ থেকে ২৫০ জনের নাম দিয়ে পাইকারি মামলা করা হচ্ছে এবং পরে অর্থের বিনিময়ে রফাদফা হচ্ছে। এতে প্রকৃত খুনি ও নির্দেশদাতাদের বিরুদ্ধে মামলার মেরিট নষ্ট হচ্ছে বলে তিনি বলেন। জুলাই হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন হাসনাত।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।