চীন আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সম্প্রতি চীন সফররত বাংলাদেশি মিডিয়া প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত এক ব্যাংকোয়েটে শিনজিয়াং পররাষ্ট্র দপ্তরের উপমহাপরিচালক জিয়াং ইয়েন বলেন, বাংলাদেশ চীনের পরীক্ষিত বন্ধু ও প্রধান উন্নয়ন সহযোগী। তিনি ব্যবসা, বাণিজ্য, অবকাঠামো, কৃষি, পর্যটন ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন এবং বলেন, স্থিতিশীলতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
জিয়াং ইয়েন জানান, আটটি দেশের সীমান্তবর্তী শিনজিয়াং এখন একটি বাণিজ্যিক কেন্দ্র, যেখানে বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। তিনি দাবি করেন, ২০২২ সালের পর থেকে কোনো বিচ্ছিন্নতাবাদী তৎপরতা ঘটেনি এবং ২০২৫ সালে তিন কোটিরও বেশি বিদেশি পর্যটক শিনজিয়াং সফর করেছেন। ধর্মীয় স্বাধীনতা বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, মুসলিমরা এখানে স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারেন।
বাংলাদেশি প্রতিনিধি দল শিনজিয়াং ইসলামিক ইনস্টিটিউটও পরিদর্শন করে, যেখানে প্রশাসন জানায়, ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা ও আধুনিক সমাজব্যবস্থার সমন্বয়ে নতুন শিক্ষামডেল গড়ে উঠেছে। রাষ্ট্রীয় বিনিয়োগে পরিচালিত এই প্রতিষ্ঠানটি ইমাম ও ধর্মীয় পণ্ডিত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।