পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল উত্থাপন করা হয়েছে। বুধবার পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। পরীক্ষা করে দুই দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বিলটি পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। এ-সংক্রান্ত আগের সরকারি অধ্যাদেশ রহিত করে আইনে সংশোধন আনতেই বিলটি তোলা হয়েছে।
প্রস্তাবিত আইনে ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে এমন শর্ত আরোপ করা যাবে না, যা অপ্রয়োজনীয়ভাবে নতুন নিবন্ধিত ব্যক্তি বা নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে। শুধু দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক টার্নওভার, সরকারি প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা বা একক বৃহৎ চুক্তি সম্পাদনের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক যোগ্যতা করা যাবে না। তবে ক্রয়কার্য্যের প্রকৃতি, জটিলতা ও ঝুঁকি বিবেচনায় বিশেষ শর্ত আরোপ করা যাবে।
দেশীয় শিল্প, স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে উৎপাদিত বা প্রস্তুত পণ্যকে অগ্রাধিকার দেওয়া কিংবা নির্দিষ্ট শ্রেণির দেশীয় পণ্য ক্রয় বাধ্যতামূলক করার ক্ষমতা সরকার পাবে। নতুন, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, নারী ও সুযোগবঞ্চিত দরদাতাদের অংশগ্রহণ নিশ্চিত করতে যোগ্যতার শর্ত শিথিল করা যাবে। বিদেশি অংশগ্রহণকারীদের বাংলাদেশি ব্যক্তি বা ব্যক্তিবর্গের সঙ্গে যৌথ উদ্যোগ গঠন করতে হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।