আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে বিস্ফোরণে অন্তত ছয় শিক্ষার্থী নিহত এবং ৯৭ জন আহত হয়েছে। স্থানীয় হাসপাতালের এক কর্মকর্তা আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন। প্রদেশের তথ্য ও সংস্কৃতিবিষয়ক পরিচালক মাওলভি সামিউল হক জানান, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে আন্দার সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে বিস্ফোরণটি ঘটে।
কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ বলেন, হতাহতদের এই সংখ্যা প্রাথমিক এবং তা পরিবর্তিত হতে পারে। সামিউল হক জানান, বাড়িটির মালিক ছিলেন খননকাজের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি এবং সেখানে ডিনামাইট মজুত ছিল। তবে তিনি বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের সংখ্যা নিয়ে বিস্তারিত কিছু জানাননি।
ঘটনার পর কুনার প্রদেশের একটি তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পাকিস্তান সীমান্তসংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলে প্রদেশটি অবস্থিত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত আগস্টে রাজধানী কাবুলের একটি স্কুল কমপ্লেক্সে গ্রেনেড হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সি ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।