Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানার ওপর হামলার পেছনে স্থানীয় মাদক কারবারি চক্র এবং তাদের রাজনৈতিক আশ্রয়দাতারা জড়িত। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রানাকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমানের ভাষ্য অনুযায়ী, মেজর আখতারুজ্জামানের প্রতিষ্ঠিত গচিহাটা কলেজের খেলার মাঠে দীর্ঘদিন মাদকসেবী ও কারবারিদের একটি দল আড্ডা দিত এবং অপকর্মে জড়িত ছিল। তিনি বলেন, রানা সম্প্রতি কয়েক দফা তাদের সেখানে উৎপাত না করতে সতর্ক ও ধমক দেন। এতে ক্ষুব্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হামলাকারীরা কোনো কথা না বলেই অতর্কিতে হামলা চালায় এবং তার বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

জামায়াত আমির বলেন, হামলাকারীরা সরাসরি কোনো দলের নেতাকর্মী না হলেও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে অপকর্ম চালিয়ে আসছে। তিনি হামলাকারী ও তাদের মদদদাতাদের গ্রেপ্তারের দাবি জানান। মেজর আখতারুজ্জামান অভিযোগ করেন, ১২ জনের নাম উল্লেখ করে এজাহার দিলেও থানার ওসি সেটি অজ্ঞাতনামা করতে চাপ দিচ্ছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।