আসিয়ান কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ব্যর্থতার পর জাতীয় দলের কোচ টমাস ডুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিবেচনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে ন্যাশনাল টিমস কমিটির বৈঠক শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, সভায় ডুলির বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। বৈঠকে উপস্থিত ডুলি কমিটির সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন।
বাবু বলেন, বিশেষ করে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খারাপ খেলা নিয়ে কোচকে প্রশ্ন করা হয়েছে। ডুলি এসব প্রশ্নের উত্তর দিয়েছেন। তবে কোচের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হলে তাঁর সঙ্গে আরও বৈঠক প্রয়োজন বলে কমিটি মনে করছে।
আমিরুল ইসলাম বাবু বলেন, কোচের বিষয়ে বাফুফে যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। দেশের ফুটবল, খেলোয়াড় এবং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য যে সিদ্ধান্ত ভালো হবে, সেদিকেই সভাপতির সজাগ দৃষ্টি রয়েছে বলে তিনি জানান। অন্যদিকে, ইনজুরিতে পড়া সাদউদ্দিনকে ভারতে পাঠানোর ব্যবস্থা করছে বাফুফে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।