দেশে গত পাঁচ অর্থবছরে ইলিশ উৎপাদন প্রায় ২৬ শতাংশ কমেছে বলে ত্রয়োদশ জাতীয় সংসদে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ২০২১-২২ অর্থবছরের ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন থেকে ২০২৫-২৬ অর্থবছরে ইলিশ উৎপাদন ৪ লাখ ১৯ হাজার ৫০০ টনে প্রাক্কলন করা হয়েছে।
মন্ত্রী জানান, দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ১০ শতাংশ আসে ইলিশ থেকে এবং একক প্রজাতি হিসেবে এর অবদান সর্বোচ্চ। উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনায় মেঘনার ঊর্ধ্বাঞ্চল ও নিম্ন অববাহিকা, পদ্মা, কালাবদর, আন্ধারমানিক ও তেঁতুলিয়াসহ উপকূলীয় নদীতে ছয়টি ইলিশ অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।
মা ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞার সময় ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। জাটকা আহরণ থেকে বিরত থাকা পরিবার এবং ৫৮ দিনের উপকূলীয় মাছ ধরা বন্ধকালেও সহায়তা দেওয়া হয়। মন্ত্রী বলেন, আড়তের নিলাম ও সরবরাহের ভিত্তিতে খুচরা দাম নির্ধারিত হয়; তবে উৎপাদন-সরবরাহ ও বাজারমূল্যের সম্পর্ক বুঝতে নিয়মিত বাজার মনিটরিং চলছে। ইলিশ উৎপাদন বাড়াতে কর্মসূচি অব্যাহত থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।