প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে ৬৪টি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার। রোববার রাজধানীর ইস্কাটনে কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশ আয়োজিত আন্তর্জাতিক কেয়ারারস দিবস ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মন্ত্রী বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রতিবন্ধী ব্যক্তিদের বহুমুখী সমস্যা সমাধানে সরকার আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনকে তিনি সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকারগুলোর একটি হিসেবে উল্লেখ করেন। প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়াতে প্রশাসনিক কার্যক্রম চলছে বলেও জানান তিনি।
বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দিতে মালিক ও উদ্যোক্তাদের আহ্বান জানান মন্ত্রী। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বক্ষণিক পরিচর্যায় নিয়োজিত এবং পেশায় যুক্ত হতে না পারা অভিভাবকদের বৃত্তিমূলক প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও কাজের উপকরণ দেওয়া হবে। বিশেষায়িত শিক্ষক প্রশিক্ষণ বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণ, সহায়ক উপকরণ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান আধুনিকায়ন এবং সাভারে আন্তর্জাতিক মানের অলিম্পিক ভিলেজ নির্মাণের কাজ এগিয়ে চলার কথাও তিনি জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।