সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ঘোষণা করেছে, দেশটিতে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা হজ পালনের উদ্দেশ্যে সর্বোচ্চ ১৫ দিনের বেতনসহ ছুটি পাবেন। এই ছুটির মধ্যে ঈদুল আজহার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। মন্ত্রণালয় জানায়, এটি সৌদি শ্রম আইন ও কর্মীদের অধিকার সুরক্ষার অংশ হিসেবে চালু করা হয়েছে। এই সুবিধা পেতে হলে কর্মীকে একই প্রতিষ্ঠানে অন্তত দুই বছর ধারাবাহিকভাবে কাজ করতে হবে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একজন কর্মী তার পুরো চাকরি জীবনে একবারই এই বিশেষ ছুটি নিতে পারবেন এবং যারা আগে কখনো হজ পালন করেননি, কেবল তারাই এই সুযোগ পাবেন। প্রতিষ্ঠানভেদে কাজের ধরন ও প্রয়োজন অনুযায়ী প্রতি বছর কতজন কর্মী এই ছুটি পাবেন, তা নিয়োগকর্তারা নির্ধারণ করবেন যাতে কার্যক্রম ব্যাহত না হয়।
মন্ত্রণালয় মনে করে, এই উদ্যোগের ফলে সৌদিতে কর্মরত মুসলিম কর্মীদের ধর্মীয় দায়িত্ব পালন সহজ হবে এবং তাদের শ্রম অধিকার আরও সুসংহত হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।