বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদ জরুরি সভায় মো. শামীম ইসলামকে নতুন সভাপতি নির্বাচিত করেছে। মঙ্গলবার সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি চিঠির পর শওকত আজিজ রাসেলকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। শামীম ইসলামের নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে।
বিটিএমএর মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, পর্ষদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে শামীম ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়। তিনি যমুনা হাই-টেক স্পিনিং মিলস লিমিটেড ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
একই সঙ্গে সংঘবিধি অনুযায়ী ‘ক’ ক্যাটাগরির সহসভাপতির শূন্য পদে সুরাইয়া স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েবকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া পিএইচপি স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলামকে ‘ক’ ক্যাটাগরি থেকে বিটিএমএর পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।