ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় ভারত প্রাকৃতিক ও রান্নার গ্যাসের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় মঙ্গলবার এক আদেশে জানায়, এই পদক্ষেপের লক্ষ্য অগ্রাধিকারপ্রাপ্ত খাতে গ্যাসের সুষম বণ্টন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। রেস্তোরাঁ মালিকরা আশঙ্কা প্রকাশ করেছেন, এই নিয়ন্ত্রণের ফলে দেশজুড়ে বহু রেস্তোরাঁ বন্ধ হয়ে যেতে পারে।
আদেশে বলা হয়েছে, এলএনজি সরবরাহে বাসাবাড়ি, পরিবহন খাত ও এলপিজি উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া হবে। সার কারখানা ও চা শিল্পের মতো অন্যান্য খাত কার্যকরী প্রাপ্যতার ভিত্তিতে তাদের চাহিদার ৭০ থেকে ৮০ শতাংশ গ্যাস পাবে। ঘাটতি পূরণে পেট্রোকেমিক্যাল কারখানা ও বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ আংশিক বা সম্পূর্ণভাবে কমানো হবে।
এরই মধ্যে সিরামিক ও টাইলসসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান জানিয়েছে, গ্যাস সরবরাহ হ্রাস তাদের উৎপাদনে প্রভাব ফেলছে। রেস্তোরাঁ ও হোটেলগুলোও কার্যক্রমে বিঘ্নের আশঙ্কা করছে, কারণ সরকার গৃহস্থালি ব্যবহারে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।