হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তাঝুঁকি ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৪৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৪০ সেন্ট বা ০.৪৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ ডলার ৯৭ সেন্টে দাঁড়ায়। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ২৩ সেন্ট বা ০.২৯ শতাংশ কমে ৭৯ ডলার ৯৪ সেন্টে নামে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার ব্রেন্ট ক্রুডের দাম গত ৩১ আগস্টের পর সর্বনিম্নে নেমেছিল। একই দিনে লেনদেনের একপর্যায়ে ডব্লিউটিআইয়ের দামও ২৬ আগস্টের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়। বাজারে পর্যাপ্ত সরবরাহ এবং চাহিদার তুলনায় তেলের উদ্বৃত্ত তৈরি হওয়ার আশঙ্কাকে দরপতনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সোমবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। আইআরজিসির দাবি, ট্যাংকারগুলো তাদের নির্দেশনা অমান্য করেছিল। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, জ্বালানিবাহী সর্বোচ্চ ৫০টি ট্যাংকারে সাইবার হামলার ঘটনায় ইরানের সম্ভাব্য সম্পৃক্ততা তদন্ত করছে যুক্তরাষ্ট্র।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।