Web Analytics

দেশীয় বস্ত্রকলের প্রায় ৩২ বিলিয়ন ডলারের বিনিয়োগ, উৎপাদন সক্ষমতা ও কর্মসংস্থান সুরক্ষায় সুনির্দিষ্ট সরকারি নীতিসহায়তা চেয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বা বিটিএমএ। রোববার সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানায়। প্রকৃত রপ্তানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টির বিপরীতে সুতা আমদানি অব্যাহত রাখা এবং স্থানীয় মূল্য সংযোজন বাড়াতে দীর্ঘমেয়াদি কাঠামো তৈরির আহ্বানও জানানো হয়।

বিটিএমএ বলেছে, নীতিগত সিদ্ধান্তে দেশীয় স্পিনিং শিল্প ও রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের স্বার্থ সমান গুরুত্বে বিবেচনা করতে হবে। তাদের মতে, বন্ড সুবিধা প্রত্যাহার আমদানি নিষিদ্ধ করা বা নতুন শুল্ক-কর আরোপ নয়; প্রযোজ্য শুল্ক-কর বা সমপরিমাণ ব্যাংক গ্যারান্টির বিপরীতে আমদানির সুযোগ রয়েছে। এতে বৈধ আমদানি-রপ্তানি সচল থাকার পাশাপাশি বন্ড সুবিধার অপব্যবহার, অননুমোদিত স্থানীয় বিক্রি ও রাজস্ব ফাঁকির ঝুঁকি কমবে।

সংগঠনটি নির্ধারিত সময়ে রপ্তানির প্রমাণ ও নথি না দিলে ব্যাংক গ্যারান্টি নগদায়নের ব্যবস্থা এবং রপ্তানি ও রপ্তানি আয় প্রত্যাবাসন যাচাইয়ের পর গ্যারান্টি অবমুক্তির প্রস্তাব দিয়েছে। নন-বন্ডেড শিল্পে ৩০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজনের শর্ত পুনর্বহাল এবং এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে ৪০ থেকে ৬০ শতাংশ মূল্য সংযোজনের উপযোগী নীতিকাঠামোও চেয়েছে তারা।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।