Web Analytics

কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু হয়েছে। আইকাও সদর দপ্তরে পাঁচ দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৈশ্বিক বিমান পরিবহন খাতের ভবিষ্যৎ পরিকল্পনা, নীতিমালা, বিনিয়োগ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন সম্মেলনের মূল বিষয়।

সোমবার স্থানীয় সময় সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা, ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইস এবং কানাডার পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাককিনন। বিভিন্ন দেশের মন্ত্রী, নীতিনির্ধারক ও খাতসংশ্লিষ্ট প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। বাংলাদেশের পক্ষে বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাভলুর রহমানও সম্মেলনে যোগ দিয়েছেন।

আইকাওর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে আকাশপথে যাত্রী পরিবহন ছিল প্রায় ৪৬০ কোটি, যা ২০৫০ সালে ১ হাজার ২৪০ কোটিতে পৌঁছাতে পারে। আলোচনায় বিমানবন্দর সম্প্রসারণ, প্রযুক্তি, দক্ষ জনবল, নিয়ন্ত্রক কাঠামো, বিনিয়োগ ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব গুরুত্ব পাচ্ছে। আগামী ১৯ ও ২০ নভেম্বর আইকাওর ৪৩তম বিশেষ অধিবেশনে কাউন্সিল সদস্যসংখ্যা ৩৬ থেকে ৪০ করার প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সম্মেলনের শেষ পর্যায়ে মন্ত্রী পর্যায়ের ঘোষণাপত্র গ্রহণের কথা রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।