বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। সারাহ কুক মন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তথ্যমন্ত্রী জানান, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু হয়েছে।
তিনি যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন এবং অফকমের অভিজ্ঞতা বাংলাদেশে গণমাধ্যম নীতি নির্ধারণে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। হাইকমিশনার সহযোগিতার আশ্বাস দেন এবং অফকমের কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। সুইস রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে তথ্যমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে চায়, পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দিতে চায়। এজন্য তিনি সুইজারল্যান্ডের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন সম্ভাবনা তৈরি করলেও এটি বৈশ্বিক চ্যালেঞ্জও সৃষ্টি করেছে। তিনি এ চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন এবং প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সুইস বিনিয়োগের আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।