জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমা চাওয়া যথেষ্ট নয় এবং আইজিপির দায়িত্বে থাকার কোনো অধিকার নেই। তিনি আইজিপির অপসারণ দাবি করে অতি দ্রুত দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানান। সাংগঠনিক অগ্রগতি ও আগামী নির্বাচনের পরিকল্পনা নিয়ে মঙ্গলবার গাজীপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির ঢাকা বিভাগ (উত্তর) সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।
নাহিদ ইসলাম বলেন, সিফাতের মা সন্তানের মুক্তির জন্য গত দুই মাস ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। বিদ্যুতের মূল্যবৃদ্ধির সমালোচনার কারণে গত সেপ্টেম্বরে সিফাতকে গ্রেপ্তার করা হয় বলে তিনি দাবি করেন। সে সময় অনেকের ভূতুড়ে বিল আসছিল বলেও তিনি উল্লেখ করেন। সিফাতের ভাষা সমর্থনযোগ্য না হলেও এ কারণে তাকে গ্রেপ্তার করা যায় না বলে নাহিদের বক্তব্য।
তিনি সিফাতের অবিলম্বে মুক্তি এবং ফেসবুকে সমালোচনার কারণে গ্রেপ্তার হওয়া গাজীপুর-শ্রীপুরের এনসিপি সদস্য সজনের মুক্তি দাবি করেন। গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভরত পোশাকশ্রমিকদের প্রতিও সমর্থন ও সংহতি জানান তিনি। সবার সঙ্গে আলোচনা করে মূল্যস্ফীতি বিবেচনায় শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি জানান নাহিদ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।