ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এ বড় সাফল্য অর্জন করেছে। রোববার (১ ফেব্রুয়ারি) দিনভর রাজধানীর ১১টি থানা এলাকায় একযোগে পরিচালিত এই অভিযানে অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ ২১ জন দুর্ধর্ষ অপরাধীকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
মুগদা ও পল্লবী থানা এলাকায় সবচেয়ে বেশি সাফল্য আসে। মুগদা থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। পল্লবী থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার করে। খিলক্ষেত, উত্তরখান, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, রামপুরা, শিল্পাঞ্চল, শাহবাগ, ওয়ারী ও হাতিরঝিল থানায়ও গ্রেপ্তার অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিনতাইকারী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রয়েছে।
ডিএমপি জানায়, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধীদের শিকড় উপড়ে ফেলতেই এই অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।