রাজধানীর বারিধারার অমনি রেসিডেন্সি হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা হোটেল দখলের চেষ্টা, কর্মীদের ভয়ভীতি প্রদর্শন এবং ব্যবসায়িক কার্যক্রমে বাধার অভিযোগ করেছেন। প্রতিকার চেয়ে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান, এসআরবি প্রধান ও বিশেষ শাখার প্রধানের কাছে চিঠি দিয়েছেন। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, ভবনের মালিক আবু আক্তার শাহরিয়ার বিভিন্ন সময়ে বহিরাগতদের নিয়ে হোটেলে প্রবেশ করে কার্যক্রম বন্ধের চেষ্টা করছেন।
লিখিত অভিযোগে বলা হয়, ২০২২ সালে ভবনটি ভাড়া নেওয়ার পর জরাজীর্ণ অবস্থা থেকে প্রায় ৮ কোটি ৪৯ লাখ টাকা বিনিয়োগ করে তিন তারকা মানের হোটেল গড়ে তোলা হয়। ২০২৫ সালের সর্বশেষ ভাড়াচুক্তি অনুযায়ী ভবনটি ২০৩৪ সাল পর্যন্ত ভাড়া নেওয়া আছে এবং নিয়মিত ভাড়া পরিশোধ করা হচ্ছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।
অভিযোগ অনুযায়ী, কিছুদিন আগে হোটেলের প্রবেশপথে তালা দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর তিন যুবক বাঁশ ও কেরোসিনজাতীয় তরল নিয়ে হোটেলে প্রবেশ করেন বলে দাবি করা হয়েছে। ২০ নভেম্বর ছয়-সাতজনকে নিয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টারও অভিযোগ রয়েছে। গুলশান থানায় জিডি ও ঢাকার দেওয়ানি আদালতে মামলা হয়েছে। পুলিশ বলেছে, অভিযোগ পেয়ে তদন্ত চলছে; শাহরিয়ারের বক্তব্য পাওয়া যায়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।