মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে আগামী ডিসেম্বর, বিজয়ের মাসে, ঢাকায় আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করাই এই সম্ভাব্য সফরের লক্ষ্য।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক যোগাযোগ বাড়াচ্ছে ঢাকা। অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, প্রবাসী কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি, আঞ্চলিক যোগাযোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর গত জুনে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি সফরটি করেন। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুইজ্জু। সম্ভাব্য সফর দুটি উচ্চপর্যায়ের যোগাযোগ আরও এগিয়ে নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।