খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারিদের গোলাগুলির পর চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাতে যামিনীপাড়া ব্যাটালিয়নের ২৩ বিজিবির একটি টহল দল তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।
যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৩টায় টহল দল চোরাকারবারিদের অবস্থান শনাক্ত করে। ঘটনাস্থল তল্লাশি করে দুটি বিদেশি ও দুটি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি, অন্যান্য সামগ্রী এবং ভারতীয় ১ হাজার ৬০০ রুপী জব্দ করা হয়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল নিয়ে ফেরার সময় সশস্ত্র চোরাকারবারিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি চালালে প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলি হয় এবং চোরাকারবারিরা পালিয়ে যায়। উভয় পক্ষের হতাহতের কোনো খবর নেই। বিজিবি সীমান্তের সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের রুটে নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।