বাংলাদেশের উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর (হিট) প্রকল্পের সামগ্রিক বাস্তবায়ন অগ্রগতি ‘মাঝারি মানের সন্তোষজনক’ হিসেবে মূল্যায়ন করেছে বিশ্বব্যাংক। ২০২৬ সালের ১ এপ্রিল বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে এই মূল্যায়ন তুলে ধরে। তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার টি এম আসাদুজ্জামান। তিনি জানান, ২০২৪ সালের আগস্টের পর ইউজিসির কার্যকর উদ্যোগে প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।
টি এম আসাদুজ্জামান বলেন, হিট প্রকল্প বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে বিশ্বব্যাংকের একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ, যা দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা রাখবে। তিনি জানান, আগামী এপ্রিল মাসে প্রকল্পের মধ্যমেয়াদি পর্যালোচনা শুরু হবে। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, প্রকল্পটি উচ্চশিক্ষার মানোন্নয়ন ও কাঠামোগত সমস্যার সমাধানে সহায়ক হবে। তিনি প্রশিক্ষণ কার্যক্রমের ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে সময়মতো কাজ সম্পন্নের নির্দেশ দেন।
বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, আগামী দুই বছরে গবেষণা, শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ এবং আধুনিক ক্যাম্পাস উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।